​রোনালদোর বিয়ের গুজবে গির্জায় শত শত মানুষের ভিড়

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:২৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:২৩:০২ অপরাহ্ন
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুজবে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন শত শত মানুষ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, সেখানে বিয়ে করছেন অন্য এক জুটি।

শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রোনালদো-জর্জিনার বিয়ে দেখার আশায় ক্যামেরা ও মুঠোফোন হাতে ক্যাথেড্রালের সামনে জড়ো হন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে তাঁদের বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে এই ভিড় তৈরি হয়।

তবে কিছুক্ষণ পর কনে হিসেবে নিকোলকে ক্যাথেড্রালে প্রবেশ করতে দেখে সবার ভুল ভাঙে। ওই দিন নিকোল ও ফাবিওর বিয়ে অনুষ্ঠিত হয়।

ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা জানায়, রোনালদোর বিয়ের গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের সমাগম হয়েছিল। এত মানুষের ভিড়ে নিকোলের গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি বলেও জানায় ক্যাথেড্রাল কর্তৃপক্ষ।

এই গুজবের সূত্র ছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছিল, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। বিয়ের সময়, অনুষ্ঠানস্থল এবং সম্ভাব্য অতিথিদের নিয়েও প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। পরে আরও কয়েকটি গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়।

তবে রোনালদোর পরিবারের পক্ষ থেকে গুঞ্জনটি নাকচ করা হয়। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজে বিয়ের ঘোষণা না দিলে মানুষ কেন ধরে নিচ্ছে যে তাঁর বিয়ে হচ্ছে।

রোনালদোও বিষয়টি নিয়ে মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে হাসির প্রতিক্রিয়া জানান তিনি।

অন্যদিকে, জর্জিনাও সেদিন বিয়ের কোনো আয়োজন নেই, এমন ইঙ্গিত দিয়েছেন। বিয়ের সম্ভাব্য সময়ের কাছাকাছি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ পোশাকে নিজের একটি ছবি প্রকাশ করেন।

তবে রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা যে নেই, তা নয়। গত বছরের আগস্টে তাঁদের বাগ্‌দান হয়। কিন্তু কবে তাঁদের বিয়ে হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজন।

এদিকে গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়েটি হয়ে উঠেছে ব্যতিক্রমী। তাঁদের বিয়ের অতিথিদের সঙ্গে যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ। তাঁদের একজন মজা করে বলেছেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :