চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:৪৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:১৭:৫০ অপরাহ্ন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত পাঁচ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার সর্বনিম্ন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২২ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমেছে ২৮ দশমিক ০৫ শতাংশ। আর গত বছরের তুলনায় এবার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ।

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ছিল ২০২২ সালে। ওই বছর ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এরপর ২০২৩ সালে তা কমে ৭৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়ায়। ২০২৪ সালে পাসের হার কিছুটা বেড়ে ৮২ দশমিক ৮০ শতাংশ হলেও ২০২৫ সালে আবার কমে ৭২ দশমিক ০৭ শতাংশ হয়। সর্বশেষ ২০২৬ সালে তা আরও কমে ৫৯ দশমিক ৪৮ শতাংশে নেমেছে।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।

ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৭২ দশমিক ১৯ শতাংশ। ২০২৪ সালে ৮৩ দশমিক ২১ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং ২০২২ সালে ছাত্রীদের পাশের হার ছিল ৮৭ দশমিক ৬৯ শতাংশ।

অন্যদিকে ছাত্রদের পাসের হার এবার ৫৮ দশমিক ৭৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৭১ দশমিক ৯৩ শতাংশ। ২০২৪ সালে ৮২ দশমিক ২৯ শতাংশ, ২০২৩ সালে ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ২০২২ সালে ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ৩৩ শতাংশ।

পাঁচ বছরের হিসাবে ছাত্র ও ছাত্রী-উভয়ের পাসের হারেই ধারাবাহিকভাবে বড় পতন দেখা গেছে।

এবার মোট অকৃতকার্য হয়েছে ৫২ হাজার ৭৫৬ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২৮ হাজার ৭৭১ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ২২ দশমিক ০৯ শতাংশ। গত বছর এক বিষয়ে অকৃতকার্যের হার ছিল ১৭ দশমিক ৫৭ শতাংশ।

ফলাফলের আরেকটি উদ্বেগজনক দিক হলো শূন্য শতাংশ ফলাফল করা বিদ্যালয়ের সংখ্যা। ২০২৬ সালে চট্টগ্রাম বোর্ডে কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ৩৮টি। অথচ ২০২৫ সালে এ সংখ্যা ছিল মাত্র একটি। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে শূন্য শতাংশ ফলাফল করা বিদ্যালয়ের সংখ্যা ছিল শূন্য।

এবার শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ২১টি। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৩৩টি। ২০২৪ সালে ৪৬টি, ২০২৩ সালে ৪৫টি এবং ২০২২ সালে ৭১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

এদিকে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এবার বড় পতন হয়েছে। ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন। ২০২৪ সালে ১০ হাজার ৮২৩ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ জন এবং ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৬৬৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরের মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শুধু পাসের হারই সর্বনিম্ন নয়, জিপিএ-৫ ও শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাতেও উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সময়ে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর হারও বেড়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :