প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:৩২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৩৩:৩১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা কাটিয়ে দুই দেশের সম্পর্ককে আলোচনার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে উদ্যোগের অংশ হিসেবেই আজকের এ সৌজন্য সাক্ষাৎ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ।

এর আগে সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি হিসেবে রোববার (৯ আগস্ট) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সম্মান করে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনবান্ধব ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

দুই দেশের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের হবে এবং এ ক্ষেত্রে নেতিবাচক কিছু দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :