সহজে এসএসসির রেজাল্ট পাওয়ার সব নিয়ম জেনে নিন

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১২:৪১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১২:৪১:৫৮ অপরাহ্ন
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। সকাল ১০টায় সারা দেশে একযোগে সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার নিয়ম

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। সাইটে গিয়ে ‘Examination’ অপশন থেকে ‘SSC/Dakhil’ এবং ‘Year’ অপশন থেকে ‘2026’ নির্বাচন করতে হবে। এরপর নিজ নিজ বোর্ড সিলেক্ট করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন: ২+৭=৯) পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

এসএমএসে ফলাফল

যেকোনো মোবাইল নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে দ্রুত ফলাফল পাওয়া যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও স্পেস দিয়ে পাশের বছর ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠিয়ে দিন 16140 নম্বরে।

মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে লিখতে হবে: Dakhil MAD Roll 2026। কারিগরি শিক্ষা বোর্ডের জন্য: SSC TEC Roll 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন (EIIN) ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ে কোনো ফলাফল পাওয়া যাবে না।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :