গ্যাস : ​স্বস্তি ফিরছে বাসাবাড়িতে, সংকট কাটেনি সিএনজি পাম্পে

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০১:৩২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০১:৩৪:০৬ অপরাহ্ন
কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় দুই সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশে গ্যাস সংকট দেখা দেয়। এর প্রভাবে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতের গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ বিঘ্নের মুখে পড়তে হয়। পরে দেশি-বিদেশি প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টায় একটি বয়লার মেরামত করা হয়। এর ফলে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে অপর বয়লারটি মেরামত করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

এদিকে, সকাল থেকে বাসাবাড়িতে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের সংকট এখনও কাটেনি। বৃহস্পতিবার সকাল থেকেই পাম্পগুলোতে গ্যাসের সরবরাহ নেই। এতে করে ভোগান্তি বেড়েছে চালকের। যদিও আগের দিন বুধরাত (৫ আগস্ট) রাতে কিছুটা গ্যাস পাওয়া গিয়েছিল।  

সরেজমিনে দেখা যায়, তেজগাঁও আকিজ সিএনজি পাম্পে 'গ্যাস নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে। তবে এলপিজি থাকায় এলপিজি ভার্সনের গাড়িতে দেওয়া হচ্ছে। গ্যাস নেই মালিবাগ, বাড্ডা, খিলক্ষেত, গাবতলি, মগবাজার কোনও পাম্পেই। তারাও রাত থেকে দিতে পেরেছেন। 

এদিকে গত কয়েকদিনের গ্যাসের তীব্র সঙ্কটের পর অবশেষে আজ বাসাবাড়ির গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। গৃহিণীরা সকালে রান্নাও করেছেন ভালোমতোই। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে। 

এর আগে বুধবার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছিলেন, সন্ধ্যার পর মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :