পায়ে হেঁটে হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কার পথে নাটোরের দুলাল হোসেন

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৪:১৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৪:১৩:২৮ অপরাহ্ন
অদম্য ইচ্ছাশক্তি, গভীর ধর্মীয় অনুভূতি এবং মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসকে সঙ্গী করে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পথে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় নিজ গ্রামের বাড়ি থেকে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে দীর্ঘ এই যাত্রায় বের হন তিনি।

দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল জীবনে একবার হলেও পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ্জ পালন করবেন। সেই বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি এবার বাস্তবিক অর্থেই দীর্ঘ ও কষ্টসাধ্য এই অভিযাত্রা শুরু করেছেন।

তার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যাত্রার দিন সকাল থেকেই গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন বয়সের মানুষ। অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সফল যাত্রার জন্য দোয়া করেন। বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের চোখে ছিল আনন্দের পাশাপাশি বিচ্ছেদের অশ্রুও।

স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, “দুলাল হোসেনের এই উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক। বর্তমান সময়ে মানুষ যেখানে সামান্য কষ্ট এড়িয়ে চলতে চায়, সেখানে তিনি আল্লাহর সন্তুষ্টির আশায় হাজার হাজার কিলোমিটারের পথ পায়ে হেঁটে অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ্জ কবুল করেন।”

গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম বলেন, “দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক, বিনয়ী ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি, মহান আল্লাহ যেন তাকে নিরাপদে মক্কায় পৌঁছে হজ্জ পালনের তাওফিক দান করেন।”

যাত্রার আগে দুলাল হোসেন বলেন, “আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পথ অনেক দীর্ঘ, কষ্টও অনেক। কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই আমি রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে পবিত্র হজ্জ পালন করতে পারি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত যেতে বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করতে হবে। এ কারণে প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের আন্তরিক সহায়তা কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করলে আমার এই যাত্রা আরও নিরাপদ ও সহজ হবে।”

স্থানীয়রা জানান, দুলাল হোসেনের এই পদযাত্রা শুধু একটি ব্যক্তিগত ধর্মীয় যাত্রা নয়; এটি ধৈর্য, ত্যাগ, আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি গভীর আস্থার এক অনন্য দৃষ্টান্ত। তার এই সাহসী উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই তার সফলতা ও সুস্থতার জন্য দোয়া করছেন।

উল্লেখ্য, অতীতেও বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা পায়ে হেঁটে কিংবা সাইকেলে দীর্ঘ পথ অতিক্রম করে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। সেই ধারাবাহিকতায় এবার নাটোরের দুলাল হোসেনও নিজের অদম্য বিশ্বাস ও ইচ্ছাশক্তিকে পুঁজি করে মক্কার পথে দীর্ঘ এই অভিযাত্রা শুরু করলেন। তার নিরাপদ যাত্রা এবং হজ্জ কবুলের জন্য এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ দোয়া কামনা করেছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :