জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩০:২৮ অপরাহ্ন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘বিশ্বকাপের স্বত্ব’ বিক্রির পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তার জ‍্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কলডেরো। গত মঙ্গলবার বিশ্বকাপসহ ফিফার অন্যান্য টুর্নামেন্টের অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব নিয়ে পরিকল্পনা জানায় ফিফা। সেই থেকে বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে যেন প্রতিবাদের ঝড় উঠেছে।

এর মাঝেই শুক্রবার (৩১ জুলাই) কলডেরোর পদত্যাগের ঘোষণায় নিজের পরিকল্পনায় আরেক ধাক্কা খেলেন ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের এই ফুটবল কর্মকর্তার মতে, এমন কিছু হলে সেটা হবে “ফুটবলের জন্য বাজে চুক্তি।

ফিফার ভবিষ্যৎ কাঠামো গঠনে সাহায্যের জন্য ২০২১ সালে ইনফান্তিনোর দ্বারা নিয়োগ পাওয়া কলডেরো বলেছেন, সবকিছু ঠিকমতো যাচাই ছাড়াই ফুটবলের ভবিষ্যতকে বন্ধক রাখা হচ্ছে। ফিফার সদস্য সংস্থাগুলোর জন্য এটা হবে বাজে এক চুক্তি, ফুটবলের জন্যও হবে বাজে চুক্তি এবং খেলাটির লম্বা সময়ের ভবিষ্যতের জন্যও বিষয়টা একইরকম হবে।

এই সাবেক ব্যাঙ্কার এবং যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের সাবেক সহ-সভাপতি পরিষ্কার করে আরও জানিয়েছেন, এই প্রস্তাবের সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন এবং বিষয়টি জানার পর দ্ব্যর্থহীনভাবে এর বিরোধিতা করেছেন।

বিতর্কিত ওই পরিকল্পার বিষয়ে ফিফা জানায়, বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা তৈরি করা হবে এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব উত্থাপন করা হবে।

সেই অনুযায়ী, বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম তত্ত্বাবধানের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। নতুন এই এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণ অবশ্য নিজেদের কাছেই রাখবে সংস্থাটি। তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য বাইরের বিনিয়োগকারীদের কাছে এতে কিছু শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হবে।

বিষয়টি সামনে আসার পরপরই, এর তীব্র বিরোধিতা করে নিজের অবস্থান জানান ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। গত বৃহস্পতিবার এক জরুরি ভার্চুয়াল বৈঠকে বসে উয়েফার ৫৫টি দেশ এবং সেখানে ইনফান্তিনোর ওই পরিকল্পনাকে ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করা হয়।

পরে বিবৃতি দিয়ে সংস্থাটি জানায়, ফিফা তাদের এই পরিকল্পনা পুরোপুরি বর্জন না করলে, ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না উয়েফার কোনো জাতীয় দল। শুধু তাই নয়, এই মর্মে বাধ্যতামূলক আশ্বাস দিতে হবে যে, ফিফা আর কখনও তার পরিচালনা পর্ষদ বা প্রতিযোগিতাগুলোকে বাইরের মালিকানার জন্য উন্মুক্ত করবে না।

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা (কনক্যাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) কড়া ভাষায় পুরো বিষয়টি বিরোধিতা করেছে।

বিশেষ করে, এমন একটা পরিকল্পনা গ্রহণ করার আগে সব অংশীদারদের সঙ্গে আলোচনা না করায় ফিফার কড়া সমালোচনা করেছে এএফসি।

তবে, এত এত প্রতিবাদের মাঝেও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। প্রস্তাবটি নিয়ে গণমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলেও দাবি করেছে ফিফা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :