​লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৭:৪৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৭:৪৩:৩৮ অপরাহ্ন
সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। 

এ লটারিভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অধীন দপ্তর-সংস্থায় বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে দেশের আটটি বিভাগের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-এর পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো লটারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম।

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী  প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। 

লটারির মাধ্যমে বদলি কার্যক্রম বিষয়ে অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম বলেন, লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান এবং উপসচিব খান মোঃ নাজমুস শোয়েব ও মোঃ আবু নাছেরসহ গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও সম্পন্ন করা হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :