​উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:২০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:০৩:৫২ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। 

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় জুবায়ের নিজ ঘর থেকে বের হয়ে ব্লকের মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামের এক বাসিন্দার ঘরের সামনে পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে যে আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের মধ্যে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারের লড়াই চলছিল।

ঘটনার পরপরই ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :