​আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার খালিদা বউফেদেশ

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১০:১১ অপরাহ্ন
আলজেরিয়ার জাতীয় সংসদের স্পিকার পদে প্রথমবারের মতো কোনো নারী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাজধানী আলজিয়ার্সের নির্বাচিত প্রতিনিধি ও পেশায় অ্যালার্জি বিশেষজ্ঞ খালিদা বউফেদেশ দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি আলজেরিয়ার চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হলেন।

খালিদা বউফেদেশ ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক এই রাজনৈতিক দলটি বর্তমানে আলজেরিয়া সরকারের অন্যতম প্রধান মিত্র হিসেবে রয়েছে।

সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ৪০৭ আসনের জাতীয় পরিষদে ৯১টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে এফএলএন। তবে ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আলজেরিয়ার ইতিহাসে সর্বনিম্ন, মাত্র ২১ শতাংশ।

রাজনীতির জাতীয় পর্যায়ে আসার আগে খালিদা বউফেদেশ স্থানীয় সরকারে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এবার তিনি এমন একটি পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নারী প্রতিনিধিত্ব এখনো সীমিত। বর্তমান জাতীয় পরিষদের ৪০৭ সদস্যের মধ্যে নারী সদস্য রয়েছেন মাত্র ২৫ জন, যা মোট আসনের প্রায় ৬ শতাংশ।

এর আগে গঠিত পার্লামেন্টে নারী সংসদ সদস্যের সংখ্যা ছিল ৩৮ জন। তবে ২০১৭ সালের নির্বাচনে নারী কোটা ব্যবস্থা চালু থাকায় সে সময় ১১৮ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালিদা বউফেদেশের স্পিকার নির্বাচিত হওয়া আলজেরিয়ার রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে দেশটির আইনসভায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :