সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১২:৩৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১২:৩৯:২৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আগামীকাল বুধবার। এই রায় ও আদেশের পর জানা যাবে সারোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কি না। মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। 

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির ওপর আবারও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার (২৯ জুলাই) রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

এই আদেশের মাধ্যমে সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।

এর আগে, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চান এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন- এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান। আবেদনের ওপর শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করেন।

আদালতে এদিন সারোয়ার আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম এবং এ এম মাহবুব উদ্দিন খোকন। মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, সারোয়ার আলমগীরের সংসদে যেতে না যাওয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। নুরুল আমীনের করা ওই আবেদনে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা নির্বাচনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে।

ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন। এরপর নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করলে ৩ ফেব্রুয়ারি আদালত লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :