আবারও ইরানের ‘রেজিম চেঞ্জ’ করার কথা ভাবছেন নেতানিয়াহু

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১১:১২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১১:১২:৫৬ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও ইরানের ‘রেজিম চেঞ্জ’ (শাসন পরিবর্তন)-এর ধারণা তুলে ধরতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই মনে করছেন মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্স বলেছেন, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পকে আবারও তেহরানে শাসন পরিবর্তনের পক্ষে রাজি করানোর চেষ্টা করবেন। তবে এই প্রস্তাবে ট্রাম্পের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম।

অ্যালেক্স বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট এমন পথে আর যেতে চান না। যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয়। তাই এই বৈঠক থেকে নেতানিয়াহু আসলে কী অর্জন করতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।

অতীতে ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহুর একাধিক বৈঠকের পর ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েছে। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয় কি না, সেটি নজরে রাখতে হবে।

অ্যালেক্সের মতে, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক নিয়েও ইসরাইলের অসন্তোষ রয়েছে। তিনি বলেন, ইসরাইলি কর্মকর্তারা চান নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ অব্যাহত রাখুন, যাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হয়।

তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, ইরানের বিরুদ্ধে সামরিকভাবে যুক্তরাষ্ট্রের করার মতো খুব বেশি কিছু নেই। যদি না তারা সরাসরি ইরান দখলের সিদ্ধান্ত নেয়। আর এমন সম্ভাবনাকে বাস্তবসম্মত বলে কেউই গুরুত্ব দিচ্ছে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :