​পুরো দেশ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল: জ্বালানি মন্ত্রী

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৫:২৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:২৩:৩৯ অপরাহ্ন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গত ১৭ বছরে দেশে একটি গ্যাসকূপও খনন করা হয়নি। ফলে বর্তমানে পুরো দেশ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হলেও সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির উৎস নিশ্চিত করা হয়নি। এ কারণে গ্যাস সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই সারা দেশে সংকট তৈরি হচ্ছে।’

বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। কনক্লেভটির আয়োজন করে বণিক বার্তা।

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের জ্বালানি খাতে কার্যকর পরিকল্পনার অভাব ছিল। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন, সেই গ্যাস অনুসন্ধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। গত ১৭ বছরে একটি গ্যাসকূপও খনন করা হয়নি। ফলে পুরো দেশ এখন আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও পর্যাপ্ত নয়। বর্তমানে দেশে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এলএনজি খালাসের কাজ করছে। এর একটি সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়ায় গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। আজ এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। গ্যাসের চাপ কমে গেছে। ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় মানুষ গ্যাস পাচ্ছে না, সিএনজিও পাচ্ছে না। অনেক জায়গায় মানুষ সড়ক অবরোধ করছে। এটি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

খুলনা অঞ্চলের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় সেগুলো এখনো উৎপাদনে যেতে পারেনি। ভোলা থেকে গ্যাসের পাইপলাইন নির্মাণ, গ্যাসের প্রাপ্যতা এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিয়ে এখনও কাজ চলছে।

জ্বালানি মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে এলএনজি আমদানির অবকাঠামোও আরও শক্তিশালী করতে হবে, যাতে কোনো একটি স্থাপনায় সমস্যা দেখা দিলে সারা দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি না হয়। সূত্র: বণিক বার্তা

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :