আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় ঘরবাড়ি, হোটেল ও অসংখ্য দোকান ধ্বংস হয়ে গেছে। এছাড়া বন্যায় নিখোঁজ হয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে। খবর আল জাজিরা

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এবং প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, সোমবারের (২০ জুলাই) এ বন্যায় নুরিস্তানের প্রধান শহর পারুনে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌসুমি বৃষ্টির প্রভাবে পুরো অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত ও নেপালেও এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তানের পারুন ও আশপাশের এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর মেয়রসহ কয়েকজন আঞ্চলিক সরকারি কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেন।

স্থানীয় বেসরকারি সংস্থা শপুল-এর প্রধান আশিকুল্লাহ সাফি বার্তাসংস্থা এএফপিকে বলেন, বন্যায় ‘পুরো পৌর এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’। তিনি বলেন, বন্যায় হোটেল ও কয়েক ডজন দোকানপাট ধ্বংস হয়েছে। বন্যার পানি সরে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ছড়িয়ে রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজ করছেন।

প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যা দেশটিতে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করে। চলতি বছরের জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে দক্ষিণ এশজুড়ে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে একের পর এক দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :