জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী

জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৪:১১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৪:১১:৪৯ অপরাহ্ন
অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেছেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি।

তার ভাষ্য, বাংলাদেশ নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

আহাম্মদ সোহেল মনজুর আরও উল্লেখ করেন, ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বৈশ্বিক অংশীদারত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান। তার ভাষ্য, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ বা অঞ্চল পিছিয়ে থাকবে না।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :