​গ্রামীণ জনপদের উন্নয়নে বিএনপি সরকার বিশ্বাসী: হুইপ দুলু

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৩৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৩৯:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের ৬৮ হাজার গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তাই দেশের প্রতিটি জনপদে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বন্যাদুর্গতদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন শেল্টার, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নাটোর সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাছিম উদ্দিন নাছিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

হুইপ দুলু বলেন, বিএনপি সরকার হিংসা-বিদ্বেষ নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করতে চায়। তিনি আরও বলেন, দুই বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি অভিযোগ করেন, ওই সরকারের সহযোগীরা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও ষড়যন্ত্র করতে পারে। তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিনের অত্যাচার, হত্যা, গুম ও নিপীড়নের ঘটনা ভুলে যায়নি। এসব ঘটনার যথাযথ বিচার করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :