চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৫৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৫৯:২২ অপরাহ্ন
চেক ডিজঅনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান জামিন পেয়েছেন। ১১২ কোটি টাকার চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সালমান এফ রহমানকে এক হাজার টাকার মুচলেকায় জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মোহাদ্দেসুল আমিন। আদালতের এ আদেশের মাধ্যমে আপাতত তিনি এ মামলায় জামিন সুবিধা পেলেন।

মামলার নথি অনুযায়ী, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ব্যাংকের একাধিক তাগিদের পর ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। পরে ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দেওয়া হলে একই দিন ব্যাংক সেটি ‘অপর্যাপ্ত তহবিল’ (Insufficient Fund) উল্লেখ করে ফেরত দেয়।

এরপর ২০২৫ সালের ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের জন্য বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়, যার শুনানি শেষে আদালত বৃহস্পতিবার সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :