পাহাড়ধস-বন্যায় মৃতের সংখ্যা ৫৭, আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৬:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৬:২২:৩৩ অপরাহ্ন
টানা অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যায় দেশের সাত জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা ১১১টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৪ হাজার ৭৯ জন আশ্রয় নিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার হালনাগাদ তথ্য প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বন্যাকবলিত সাতটি জেলা হলো—খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৭টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে রাঙ্গামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ জন ও রোহিঙ্গা ১৩ জন), চট্টগ্রামে ১৫ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ২ জন, কক্সবাজারে ২৫ জন (স্থানীয় ২০ জন ও রোহিঙ্গা ৫ জন) এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসনের পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কক্সবাজারে নগদ অর্থ, চাল ও ঢেউটিনসহ বিভিন্ন ধরনের ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত ২০ লাখ টাকা দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রামের জন্য ৬৫ লাখ টাকা, ১ হাজার ২০০ মেট্রিক টন চাল এবং ৪৯ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত বিভিন্ন দফায় বন্যাকবলিত জেলাগুলোর জন্য অতিরিক্ত ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলার সাধারণ ত্রাণ কার্যক্রমের জন্য মোট ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :