বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৬:১৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৭:১৩:২৪ অপরাহ্ন
বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরিফ। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ এ শোকবার্তা প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষ্য, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি রয়েছে। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা কামনা করছি।

এদিকে টানা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে চট্টগ্রাম বিভাগে শনিবার (১১ জুলাই) পর্যন্ত ৩৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিভাগের পাঁচ জেলায় অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। নদ-নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধস এবং বন্যার পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। সেখানে ২৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৩ জন রোহিঙ্গা।

এ ছাড়া চট্টগ্রাম জেলায় আটজন, বান্দরবানে ছয়জন এবং রাঙামাটিতে দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :