​পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজির বিশাল কাতলা

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৩৭:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৩৭:০৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো এক মণ ওজনের বিশাল কাতলা মাছ। পরে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। শনিবার (১১ই জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। 

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো মাছ শিকারের উদ্দেশ্যে জেলেদের নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা জাল ফেলার পর বিকেল পাঁচটার দিকে জেলেরা জালে বড় একটা কিছুর অস্তিত্ব লক্ষ্য করেন। এক পর্যায়ে জাল কিনারায় উঠলে তারা দেখতে পান বিশালাকার কাতলা মাছ। 

জেলেরা জানান, এত বড়ো মাছ এর আগে তাদের জালে কোনদিনই উঠেনি। কাতলা মাছটির ওজন হয়েছে ৪০ কেজি। প্রতি কেজি ১১৫০ টাকা দরে মাছটির মোট দাম হয়েছে ৪৬ হাজার টাকা। ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে পরবর্তীতে মাছটি কিনে ভাগ করে নেন।  

এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। অধিকাংশই জানান,তাদের জীবদ্দশায় এত বড় মাছ এর আগে কখনো দেখেননি। এমনকি পদ্মা নদীর এই অংশে এত বড় মাছ ধরা পড়েছে কিনা তাদের জানা নেই।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :