দুই মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল মধ্যপাড়া পাথর খনি

আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৩:৩৫:১৩ অপরাহ্ন
দীর্ঘ এক মাস ২২ দিন উৎপাদন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে খনির ভূগর্ভে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের (বিস্ফোরক) মজুত শেষ হয়ে যায় ১৮ মে। এতে করে ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় বিস্ফোরক গতকাল ১০ জুলাই খনিতে এসে পৌঁছায়। ফলে শনিবার সকালে এক মাস ২২ দিন পর পুনরায় উৎপাদন শুরু হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ ছিল। বর্তমানে নতুন করে বিস্ফোরক খনিতে পৌঁছেছে এবং শনিবার সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।

তিনি জানান, শুক্রবার ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। এ পরিমাণ বিস্ফোরক দিয়ে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন কার্যক্রম চালানো সম্ভব হবে। আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। যাতে করে বিস্ফোরক সংকটে খনিতে উৎপাদন বন্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

খনি সূত্র জানায়, সময়মতো বিস্ফোরক সরবরাহ না হওয়ায় ২০১৪, ২০২৫, ২০১৮, ২০২২২ ও ২০২৫ উৎপাদন বন্ধ হয়েছিল।

প্রসঙ্গত, দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে ৭০০ শ্রমিক খনিতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে ছয় বছরের পুনঃচুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :