ছুটির দিনের বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেটে থইথই পানি

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন
 রাজধানীসহ সারাদেশে গেল কয়েকদিন থেকেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে নদনদীর পানি বেড়ে অনেক জায়গায় তৈরি হয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে জলাবদ্ধা দেখা গেছে রাজধানীর বিভিন্ন স্থানেও। বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেটে হাঁটু সমান পানি দেখা গেছে।

আজ শুক্রবার ছুটির সকালেও নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। বিছানা ছেড়ে ওঠার তাড়া নেই। তাই বাইরে বৃষ্টিস্নাত মেঘ-মেদুর প্রকৃতির দিকে আড়ষ্ট দৃষ্টি রেখে অনেকেই আবার সমর্পিত হয়েছেন ঘুমের কাছেই।

তবে ঘুমের কাছে নিজেকে সমর্পনের সুযোগ সবার নেই। যে কয়জন সকাল থেকে রাস্তায় বের হয়েছেন, কমবেশি সবারই ভোগান্তি পোহাতে হয়েছে।

ছুটির সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, এদিন সকাল থেকে অনেকে কেনাকাটার উদ্দেশ্যে নিউ মার্কেটে এসে থইথই পানিতে ভোগান্তিতে পড়েছেন। এই পথ দিয়ে কোচিংয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতায় বেশি বিপাকে পড়েছেন ফুটপাতে হকাররা। থইথই পানিতে অনেক হকারের দোকানের অনেকাংশ পানিতে ডুবে গেছে। ফুটপাতের ছাউনিতে বসে অনেক হকার অপেক্ষা করছেন, কখন বৃষ্টি থামবে।

শুক্রবার সকালে আবহাওয়ারের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে।

এসব কারণে আগামী কয়েকদিন ঢাকাসহ সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :