​টানা বর্ষণ: বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০২:১৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০২:১৬:৫৩ অপরাহ্ন
টানা কয়েক দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়ধস, বন্যা এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ ঝুঁকিতে রয়েছেন। দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়িয়েছে জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও নতুন গণবিজ্ঞপ্তিতে সেই মেয়াদ বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ভারী বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলীকদম-লামা সড়কের একাধিক স্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হচ্ছে।

এ পরিস্থিতিতে গত ৬ জুলাই জেলা প্রশাসন প্রথমে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে আবহাওয়ার উন্নতি না হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি অব্যাহত থাকায় নতুন গণবিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্তের মেয়াদ ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৬ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির পর্যায়ক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ জুলাই পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :