​ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৬:৫১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৬:৫১:১৯ অপরাহ্ন
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাতে পারবেন। তবে নারী শিক্ষা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী জানান, অতীতে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল। বর্তমান সরকার সেই সুবিধা ডিগ্রি বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে।

এর আগে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রসংসদের নির্বাচিত ভিপি ছিলেন।

সেসময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শিক্ষামন্ত্রীর ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :