​আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৮:২৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৮:২৭:৩৬ অপরাহ্ন
আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচ পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাসোঁয়া লেটেক্সিয়ের। প্রথমবার আর্জেন্টিনার কোনো ম্যাচের দায়িত্বে তিনি।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের দুই ম্যাচে রেফারি ছিলেন লেটেক্সিয়ের। আইভরি কোস্ট বনাম ইকুয়েডর এবং সৌদি আরব বনাম কেপ ভার্দে ম্যাচে চারটি করে হলুদ কার্ড দেখান তিনি।

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সম্ভাবনাময়ী রেফারি লেটেক্সিয়ের। ২০১৬ সালে ২৮ বছর বয়সে লিগ ওয়ানে তার রেফারিং ক্যারিয়ার শুরু। ফরাসি ফুটবলের শীর্ষ স্তরে সর্বকনিষ্ঠ রেফারি তিনি।

এক বছর পর লেটেক্সিয়ের ফিফা ব্যাজ পান। আন্তর্জাতিক ম্যাচে শুরু হয় তার অধ্যায়। প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা। তারপর ২০২১ সালে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ উয়েফা সুপার কাপে কাজ করার সুযোগ পান। ইউরো ২০২৪ ও অলিম্পিক গেমসের মতো শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেন তিনি।

এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে লেটেক্সিয়ের রেফারিং করেননি। কিন্তু বর্তমান স্কোয়াডের অনেক খেলোয়াড়ই মাঠে তার সামনে খেলেছে। একজন তো লাল কার্ডও দেখেছেন। গত ২২ মার্চ লিগ ওয়ানে নিকোলাস তাগলিয়াফিকোকে মার্চিং অর্ডার দেন ৩৬ বছর বয়সী রেফারি। লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেন অলিম্পিক লিওঁর তারকা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :