বিদ্যুৎচুরি ঠেকাতে ডিএমপির সহায়তায় ডিপিডিসির অভিযান

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:১৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০১:০০:১২ অপরাহ্ন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিদ্যুৎ চুরি করে গড়ে ওঠা একাধিক অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। 

রোববার (৫ জুলাই) দিবাগত মধ্যরাতে এসব অবৈধ চার্জিং পয়েন্টে যৌথ অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ ও ডিপিডিসি। অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মিটার, চার্জিংয়ের বিভিন্ন সরঞ্জাম এবং কয়েকটি অটোরিকশা।

অভিযানে দেখা যায়, রাস্তার ধারে গাছের সঙ্গে সার্কিট ব্রেকার বসিয়ে এবং অবৈধভাবে বৈদ্যুতিক মিটার সংযুক্ত করে ফুটপাত দখল করে অটোরিকশা চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এসব সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল।

ডিপিডিসির উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর আগেও একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর একইভাবে আবারও অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে কারণেই এবার যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, বিদ্যুৎ আইনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত সব ধরনের সরঞ্জাম এবং অবৈধ অটোরিকশা জব্দ করা হচ্ছে। যারা অবৈধভাবে অটোরিকশার গ্যারেজ ও চার্জিং পয়েন্ট পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত সব ধরনের সরঞ্জামও জব্দ করা হবে।

এদিকে, ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) এবং নির্বাহী পরিচালক (অপারেশন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. রবিউল হাসান বাংলাস্কুপকে বলেছেন, এ রকম অভিযান চলমান থাকবে। তিনি আরো বলেন, আমাদের ৩৬টি  ডিভিশনের প্রকৌশলীরা তাদের আওতাধীন এলাকায় এ জাতীয় অভিযান সব সময় পরিচালনা করে থাকে। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে আমরা জিরো টলারেন্স। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জাতীয় অবৈধ সংযোগ পরিচালনার সঙ্গে আমাদের কোনো কর্মকর্তা বা বিদ্যুৎকর্মী জড়িত থাকলে চাকরি বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়ে থাকি।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :