​গ্রাহকের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:৫১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১০:০৩:৪০ অপরাহ্ন
জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এবং লোডশেডিং নিয়ে মতবিনিময়সভা করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোর কর্তাব্যক্তিরা যুক্ত ছিলেন।

সভায় অস্বাভাবিক বিলের কারণ উদঘাটন, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা আলোচনা হয়। একই সঙ্গে সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থা তুলে ধরা হয়। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিদ্যুৎ সচিব।

সভায় বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ আসছে কিনা জানতে চান। এ বিষয়ে উল্লেখযোগ্য অভিযোগ তাঁরা পাননি বলে জানান। বিদ্যুৎ সচিব সভায় জানান,  বিল সংক্রান্ত গ্রাহকের অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয়  নির্দেশনা প্রদান করা হয়েছে। করণিক ভুলগুলো দ্রুত সমাধান করতে বলা হয়েছে। যদি কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাবধান করা হয়েছে। 

এছাড়া জেলায় রুফটপ সৌর বিদ্যুত চালুর বিষয়ে সভায় জানানো হয়, এ বিষয়ে প্রাপ্ত নির্দেশনার আলোকে কাজ করার জন্য জেলা প্রশাসকরা প্রস্তুত রয়েছেন।  জনদুর্ভোগ নিরসনে তাঁরা সবাই আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন।

সভাসূত্রে জানা যায়, সারাদেশে বিদ্যুৎগ্রাহকদের একটি বড় অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন, এমন অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের কাছ থেকে কারণ জানতে চেয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে সভায় বিষয়গুলো তদন্ত করে দ্রুত সমাধানের নির্দেশ ও গ্রাহকসেবার মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, লোডশেডিংয়ের কারণে বিশ্বকাপ ফুটবল দেখতে না পেরে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিদ্যুৎ বিতরণী কোম্পানির অফিস ও বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সচিব বিকাল চারটায় তাঁর দপ্তর থেকে জুম মিটিংয়ে যুক্ত হন। সভা চলে সন্ধ্যা পর্যন্ত।

উল্লেখ্য, ইতিমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ নিরসনে বিতরণ সংস্থার সাথে সরাসরি বা হট লাইনে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।

হটলাইনসমূহ: 
বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯, 
বিপিডিবি-১৬২০০, 
পল্লী বিদ্যুৎ -১৬৮৯৯,
ডিপিডিসি-১৬১১৬,
ডেসকো-১৬১২০,
নেসকো-১৬৬০৩,
ওজোপাডিকো-১৬১১৭

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :