গ্যাসের পাইপ ফেটে মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৫৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৫৯:২৭ অপরাহ্ন
ভূগর্ভস্থ গ্যাসলাইন থেকে হঠাৎ গ্যাস বের হয়ে আসতে থাকে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এমন খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে দেখা যায়, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকলে একপর্যায়ে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে যানবাহনও সতর্কতার সঙ্গে এলাকা অতিক্রম করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পর মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে ওঠে।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইন ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কোম্পানির কর্মীরা কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :