​দুই পুলিশ সদস্যকে কুপিয়ে পালাল আসামি

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৩৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:৩৭:২২ অপরাহ্ন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত আসামি পালিয়ে যায়।

শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে গ্রেপ্তারের জন্য শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমীন ও এএসআই আব্দুল মতিন। এ সময় তাকে আটক করার পর তিনি লুঙ্গি পরিবর্তন করে প্যান্ট পরে আসার কথা বলে ঘরে প্রবেশ করেন। পরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বের হয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।

পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এসআই রুহুল আমীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনারুল ইসলাম বলেন, এসআই রুহুল আমীন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :