‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫১:৩৩ অপরাহ্ন
১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শোকাবহ এ দিনে ৬১ হিজরির কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কালো পোশাকে হাজারো শোকাহত মানুষের ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

শুক্রবার (২৬ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কালো পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবছরের মতো এবারও আশুরার প্রধান তাজিয়া মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডির প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। তবে কেবল কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধির কারণে এই মিছিল বন্ধ রাখা হয়েছিল।

সকাল থেকেই পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারীসহ নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিতে ভিড় করেন। অনেকের চোখে অশ্রু, আবার কেউ বুক চাপড়ে কারবালার বেদনাময় স্মৃতিকে স্মরণ করেন। শোকের প্রতীক হিসেবে অধিকাংশের পরনে ছিল কালো পোশাক। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক।

জানা গেছে, ইমামবাড়া থেকে যাত্রা করে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে ধানমণ্ডি লেকে পৌঁছাবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হবে।

মিছিল শেষে বাদ জুমা হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ নামে পরিচিত শিরনি বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘সামে গারিবা’ নামে বিশেষ মজলিশ। এ সময় কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে ইমামবাড়ার সব আলো নিভিয়ে শোক পালন করা হবে।

হোসেনি দালান ছাড়াও রাজধানীতে প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে। মহররম উপলক্ষে এসব ইমামবাড়ায়ও পৃথক তাজিয়া মিছিল, মজলিশ এবং অন্যান্য ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া এবং মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

উল্লেখ্য, তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে মিছিলের সামনে ও পেছনে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :