​কলাপাড়ায় অটোভ্যান চালক অপহরণের তিন হোতা রিমান্ডে

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৪:৪২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৪:৪২:৩৬ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অটোভ্যান চালক রাফি খানকে (১৯) অপহরণের ঘটনায় জেল হাজতে থাকা তিন আসামিকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে পুলিশ বুধবার (২৪ জুন) তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এরা হচ্ছেন, জাহিদ প্যাদা (২১), কোয়েল গাজী (২০) ও ইমরান গাজী (২২)। 

এ মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই শহিদুল ইসলাম খান এ খবর নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে এ ঘটনায় জড়িত অন্যান্যদের শণাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রকৃত ঘটনা বের করতে জিজ্ঞাসাবাদ চলছে।

মামলাসূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) রাতে চাকামইয়া নিশানবাড়িয়া গ্রামের কোয়েল গাজীর বাড়ি থেকে অপহৃত অটোভ্যান চালক রাফি খানকে (১৯) হাত-পা-মুখ বাধা অবস্থায় উদ্ধার করে। ওইদিন সকালে গ্রেপ্তার ব্যক্তিরা কুয়াকাটাগামী সড়কের হাজিপুর থেকে রাফির অটোবাইকে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করে কলাপাড়ায় নিশানবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে রাফিকে আটকে রাখে। সেখানে তাঁকে আটকে বেধড়ক মারধর করা হয়। এর পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রাফির বাবাকে মোবাইলে কল করা হয়। 

এক পর্যায়ে ধারদেনা করে ছেলেকে উদ্ধারের জন্য হাসান খান ৫০ হাজার টাকা নিয়ে কলাপাড়া শহরের বাসস্ট্যান্ডে ইমাদ বাস কাউন্টারের পেছনে আসামি জাহিদ প্যাদা ও ইমরান গাজীর কথামতো যায়। কিন্তু টাকা পাঁচ লাখ না পেয়ে হাসানকেও মারধর করতে থাকে। তখন হাসানের সঙ্গে থাকা স্বজনরা থানা পুলিশে খবর দেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :