​পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ

কলাপাড়ায় ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:৪৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:৪৩:১৪ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়নের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কানাডা প্রবাসী কলাপাড়ার শিক্ষা পরিবারের সদস্য নূরুজ্জামান মামুনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। সোমবার (২২ জুন ২০২৬) বেলা ১১টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি কলেজ ক্যাম্পাসে দু’টি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার নেতৃত্ব দেবে। 

বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করে কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়াবাসী। আয়োজকরা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ ও সৌন্দর্যবর্ধনের জন্য সোনালু, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। অন্তত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদেও কাছে ১০টি করে গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা হবে, যাতে একটি সবুজ ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলা সম্ভব হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :