গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১১:৩০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১১:৩০:০৩ পূর্বাহ্ন
রূপকথার গল্প লিখে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে কুরাসাও। ক্যারিবিয়ান সাগরের ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি ইকুয়েডরকে হতাশ করে প্রথম বিশ্বকাপে প্রথম পয়েন্ট আদায় করেছে। যার পেছনে মূল অবদান ছিল গোলকিপার এলয় রমের। অবিশ্বাস্য ১৫টি সেভ করে দলকে ঐতিহাসিক একটি পয়েন্ট এনে দিয়েছেন তিনি। ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। 

গত সপ্তাহে কিপিংয়ে নায়ক হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এবার সেই ভূমিকায় দেখা দিলেন এলয় রম। জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার নিজেদের রক্ষণে দুর্গ গড়ে খেলেছে তারা। কুরাসাওয়ের এই গোলরক্ষক ম্যাচে অবিশ্বাস্য ১৫টি সেভ করেছেন। তার সঙ্গে দলের রক্ষণভাগও দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে আক্রমণাত্মক ইকুয়েডরকে বারবার হতাশ করেছে। 

অথচ এই ম্যাচের আগে হেভি ফেভারিট ছিল দক্ষিণ আমেরিকার ইকুয়েডরই। তারা বল দখলে আধিপত্য দেখায় ঠিকই। কিন্তু তাদের সামনে বার বারবাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন কুরাসাও গোলরক্ষক। 

অবশ্য পাল্টা আক্রমণে হুমকি তৈরি করছিল কুরাসাও। যদিও লাভ হয়নি তাতে।  তবে দৃঢ় রক্ষণ ও রমের বীরোচিত পারফরম্যান্সে ইতিহাস গড়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে দলটি। 

পরিসংখ্যান বলছে, কুরাসাওয়ের বিপক্ষে ইকুয়েডর অন-টার্গেট শট নিয়েছে ১৫টি। যা বিশ্বকাপে ১৯৬৬ সালের পর কোনো দলের স্কোরহীন ম্যাচে নেওয়া সর্বোচ্চ শটের রেকর্ড!

কুরাসাওয়ের ৫-৪-১ ফরমেশন পুরো ম্যাচজুড়েই ইকুয়েডরকে ভোগান্তিতে ফেলেছে। তবে ইকুয়েডর অধিনায়ক ও প্রধান ভরসা এনের ভ্যালেন্সিয়াও সুযোগ নষ্টের হতাশায় ভুগেছেন। ম্যাচের শুরুতে তার নিশ্চিত গোলের চেষ্টা দারুণ এক সেভে রুখে দেন রম। আর ম্যাচের শেষদিকে জুরিয়েন গারির ট্যাকলে আরেকটি নিশ্চিত গোল পাওয়া থেকেও বঞ্চিত হন তিনি।

দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় ইকুয়েডর বিদায়ের শঙ্কার মুখে। সামনে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ জার্মানি। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এখন ইকুয়েডরের সামনে জয়ের বিকল্প নেই।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :