৩-০ গোলেই জিতল ব্রাজিল

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১০:৪৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১০:৪৯:২৯ পূর্বাহ্ন
বিশ্বকাপ অভিযানে শুরুটা সুখকর হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১-১ ড্র করে হেক্সা মিশনে ধাক্কা খেয়েছে সেলেসাওরা। এবার কার্লো আনচেলত্তির দলের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের আন্ডারডগ হাইতি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন।  এই ম্যাচের লাইভ আপডেট দেখবেন যুগান্তর অনলাইনে। ম্যাচের আদ্যোপান্ত জানতে চোখ রাখুন এই লাইভ থ্রেডে। প্রথমার্ধের ৩ গোলের পর আর গোল পেল না ব্রাজিল। ম্যাচ শেষ করল ৩-০ গোলের জয় নিয়েই।

গোললাইন থেকে হাইতির ক্লিয়ারেন্স, চতুর্থ গোল হলো না ব্রাজিলের
চতুর্থ গোলের খুব কাছে চলে গিয়েছিল সেলেসাওরা। তবে এনদ্রিকের শট গোললাইন থেকে ক্লিয়ার করল হাইতির রক্ষণ। চতুর্থ গোল হলো না ব্রাজিলের।

এনদ্রিকের গোল অফসাইডে বাতিল
বদলি হিসেবে মাঠে নামা এনদ্রিক দারুণ এক ফিনিশে বল জড়িয়েছিলেন হাইতির জালে। তবে অফসাইডের কাটায় বাতিল হলো সেই গোলও!

দানিলোর গোললাইন ক্লিয়ারেন্স, অল্পের জন্য রক্ষা পেল ব্রাজিল
কর্নার থেকে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিল হাইতি, চলে গিয়েছিল গোলের খুব কাছে। তবে গোললাইন থেকে দানিলোর ক্লিয়ারেন্সে কোনোক্রমে রক্ষা পেল ব্রাজিল।

৩ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ ব্রাজিলের
মাতেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনি জুনিয়রের দারুণ এক ফিনিশে ভর করে সেলেসাওরা প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে। যেভাবে দলটা খেলছে দ্বিতীয়ার্ধে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাওয়াটাও অস্বাভাবিক ঠেকছে না!

এবার গোলের খাতায় নাম ভিনির
পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ভিনি জুনিয়র। সেখানে তিনি কোনো ভুল করেননি। দারুণ এক ফিনিশ করেছেন তাকে ফাঁকি দিয়ে। প্রথম দুই গোলের কারিগর ছিলেন ভিনি। তার গোলটা তখন থেকেই আসি আসি করছিল। এবার সেটা এসেই গেল প্রথমার্ধের যোগ করা সময়ে।

ম্যাচের ৪০ মিনিটেই মাঠ ছাড়লেন রাফিনিয়া
চোটের শঙ্কায় পড়ে গিয়েছিলেন রাফিনিয়া। ৩০ সেকেন্ডের মতো সময় তাকে মাঠে বসেও থাকতে দেখা গেল।

তাকে নিয়ে কোনো ঝুঁকি নিলেন না কোচ কার্লো আনচেলত্তি। সঙ্গে সঙ্গে তুলে নিলেন তাকে। তার জায়গায় মাঠে এলেন রায়ান।

আবারও কুনিয়া! ব্রাজিল পেয়ে গেল দ্বিতীয় গোলের দেখা
ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল ব্রাজিল। মাঝমাঠে বল বলের দখল নিয়েছিলেন ভিনি জুনিয়র। তিনি খুঁজে নিলেন বক্সে এগোতে থাকা মাতেউস কুনিয়াকে। তিনি বক্সে এগিয়ে গিয়ে বাম পায়ের দারুণ ফিনিশে বল জড়ালেন হাইতির জালে। 

কুনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল
অবশেষে প্রথম গোলের দেখা পেয়ে গেল ব্রাজিল। ভিনি জুনিয়রের শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিদে ঠেকিয়ে দেন, তবে তার সামনে থাকা মাতেউস কুনিয়ার শটটা গিয়ে জড়ায় জালে। ব্রাজিল ২৩ মিনিটে এগিয়ে গেল এই ম্যাচে।

গোলরক্ষককে একা পেয়েও গোল হলো না রাফিনিয়ার
হাইতির হাইলাইনকে ফাঁকি দিয়ে বিপজ্জনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন রাফিনিয়া। গোলরক্ষক এগিয়ে এসে তাকে থামাতে চেয়েছিলেন, এবং তাতে সফলও হলেন। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটা চিপ করতে গিয়ে রাফিনিয়া বলটা মেরে দিলেন পোস্টের অনেক বাইরে দিয়ে। গোল হলো না ব্রাজিলের।

গ্যালারিতে হাজির ২০০২ বিশ্বকাপের ২ নায়ক
রোনালদো আর রোনালদিনিও... ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ের দুই নায়কও আজ হাইতি ম্যাচে হাজির হয়েছেন। 

এবার হাইতির আক্রমণও কাটা পড়ল অফসাইডে
ডান পাশ থেকে আক্রমণে উঠে গিয়েছিল হাইতি। ক্রসটা ঠিকঠাক হলে গোলের সুযোগও তৈরি হতে পারত। তবে সে আফসোসের সুযোগ রইল না ব্রাজিলের প্রতিপক্ষের। কারণ গোল হলেও সেটা কাটা পড়ত অফসাইডে। ডান পাশ থেকে রেফারি উঁচিয়ে ধরেছেন তার পতাকা।

রাফিনিয়ার গোলে বাতিল হলো অফসাইডে
ডান পাশ থেকে আক্রমণে উঠে এসেছিল ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়ার দারুণ ফিনিশ জড়িয়েছিল জালে। তবে এরপরও দলটি গোলের দেখা পেল না, পাশে লাইন্সম্যান পতাকা উঁচিয়ে ধরেছেন, অফসাইড!

ব্রাজিল আজ খেলছে অ্যাওয়ে কিট পরে
প্রথম ম্যাচে ব্রাজিলকে দেখা গিয়েছিল চিরচেনা হলুদ পোশাকে। তবে দ্বিতীয় ম্যাচে তারা নেমেছে তাদের অ্যাওয়ে কিট নীল জার্সিতে।

এই জার্সির নকশাটি 'ব্লু পয়জন ডার্ট ফ্রগ' (নীল বিষাক্ত ব্যাঙ)-এর ত্বক এবং এর সতর্কীকরণ রঙের আদলে তৈরি করা হয়েছে। এটি মাঠে ব্রাজিলের ভয়ঙ্কর ও বিপজ্জনক উপস্থিতিকে নির্দেশ করে।

জার্সির উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে ব্রাজিল আজ ‘বিষাক্ত’ রূপে ফিরতে পারবে তো?

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন
 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :