​অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৩:৪৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৩:৪৪:৪৫ অপরাহ্ন
অবৈধ গ্যাস সংযোগ ও অননুমোদিত গ্যাস ব্যবহার বন্ধে আমিনবাজার ও টাঙ্গাইলে বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস। অভিযানে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন অপসারণ এবং অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বার্তায় এসব তথ্য জানায় তিতাস গ্যাস।

বার্তায় জানানো হয়, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকদের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আমিনবাজারের সালেহপুর এলাকার একটি আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। একইভাবে কাসেমুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় অনুমোদনবিহীন মডিফায়েড বার্নারে গ্যাস ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এ ছাড়া পাঁচজন বৈধ গ্রাহকের আঙিনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়।

অন্যদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁইয়ের নেতৃত্বে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাজিরপাড়া ও গোড়াই এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৭৪০ ফুট দৈর্ঘ্যের ৩/৪ ইঞ্চি ব্যাসের জিআই পাইপ অপসারণ করা হয় এবং আনুমানিক ৫৬টি বাড়ির ৬৩টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সরবরাহের পাঁচটি উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

এ সময় দুটি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয় এবং অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের দায়ে তিনজন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে দুই ব্যক্তির কাছ থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :