​প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলে শাস্তি

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৪৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৪৮:০০ অপরাহ্ন
কাতার প্রবাসী যেসব কর্মীর রেসিডেন্স পারমিট বা আকামা বাতিল করা হয়েছে, তাদের এখন থেকে ১৪ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে কাতার ত্যাগ না করলে গুনতে হবে আর্থিক জরিমানা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওআই) এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজ

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে কাতার বিমানবন্দর পাসপোর্ট বিভাগের ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি এই নতুন নিয়মের কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যাপ্টেন আলী আহমেদ বলেন, ‘আগে রেসিডেন্স পারমিট বাতিলের পর দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় পাওয়া যেত। তবে বর্তমানে এই গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় কমিয়ে দুই সপ্তাহ (১৪ দিন) করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘১৪ দিন পার হওয়ার পরও যদি কেউ কাতারে অবস্থান করেন, তবে প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল করে জরিমানা গুনতে হবে।’

এ ছাড়া কাতারে আসা দর্শনার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পাসপোর্টে থাকা ভিসা স্ট্যাম্পে কত দিন থাকার অনুমতি রয়েছে, তা যেন তারা ভালোভাবে পরীক্ষা করে নেন। কারণ, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করলে প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল জরিমানা করা হবে।’

ভ্রমণের আগে প্রবাসীদের ‘মেত্রাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের আইনি স্ট্যাটাস বা বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। ট্রাফিক জরিমানা, অতিরিক্ত সময় থাকার কারণে কোনো জরিমানা বা অন্য কোনো বকেয়া পাওনা রয়েছে কি না, তা অ্যাপের মাধ্যমে আগেই দেখে নেওয়া উচিত। অন্যথায় ভ্রমণ করার সময় বিমানবন্দরে জটিলতায় পড়তে হতে পারে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং দীর্ঘ লাইন এড়াতে যাত্রীদের ইলেকট্রনিক গেট বা ই-গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরের আগমন ও প্রস্থান টার্মিনাল মিলিয়ে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে।

এ ছাড়া পুরোনো পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট স্থানান্তরের কাজটিও প্রবাসীরা ‘মেত্রাশ’ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন।

কাতারে প্রবাসী দম্পতির সন্তান জন্ম নিলে দ্রুত পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে তা রিপোর্ট করতে হবে এবং প্রয়োজনীয় রেসিডেন্সি নথিপত্র সংগ্রহ করতে হবে। ক্যাপ্টেন আল কুওয়ারি জানান, কাতারে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় পাসপোর্ট বা কাগজপত্র নেওয়ার পর, বাবার স্পনসরশিপের অধীনে রেসিডেন্স পারমিট (আকামা) নিতে হবে। রেসিডেন্স পারমিট না থাকলে, কোনো নবজাতক কাতার থেকে বাইরে যাওয়ার পর পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :