​বর্জ্য হবে সম্পদ, মিলতে পারে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৭:১৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৭:২৬:০২ অপরাহ্ন
বন্দরনগরী চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ইতোমধ্যেই ২০২৫-২৬ অর্থবছরের এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। সমীক্ষা অনুযায়ী, চট্টগ্রাম নগরীর প্রতিদিনের প্রায় ১ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবনে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মেয়র এই উদ্যোগ বাস্তবায়নে আগ্রহের কথা জানান।

প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা অসম্ভব। বর্জ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়নে আমি অত্যন্ত আগ্রহী। এক্ষেত্রে জাপানের প্রযুক্তি এবং অভিজ্ঞতা কার্যকরী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়। এগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা না গেলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়বে। তাই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কেবল একটি বিদ্যুৎ প্রকল্প নয়; এটি টেকসই নগর ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার একটি কার্যকর পদক্ষেপ। জাপানের প্রযুক্তিগত দক্ষতা এবং বাংলাদেশের বাস্তব প্রয়োজনের সমন্বয়ে এই প্রকল্প চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করবে।

জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিরা জানান, জাপান-বাংলাদেশ পিপিপি প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়নাধীন এই প্রকল্পে জাপান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রাথমিক সম্মতি মিলেছে। সম্ভাব্যতা যাচাইয়ের চমৎকার ফলাফলের ওপর ভিত্তি করে তারা দ্রুত মূল প্রকল্প বাস্তবায়নে যেতে চান। দুই দেশের সরকারের সহযোগিতায় প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তারা আশাবাদী বলেও জানান।

সাক্ষাৎকালে জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- গেন তাকাহাসি, কেন্টা ওহাসি এবং ভাস্কর সাহা। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :