​পুশইনে সহযোগিতায় সাত দালাল আটক

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৪:১৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৪:১৪:২৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে পুশইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সহযোগিতার অভিযোগে সাত দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। আটকদের গোমস্তাপুর থানায় রাখা হয়েছে, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবি ও পুলিশের সূত্র থেকে জানা যায়, একই রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি, যাদের সবাই রোকনপুর সীমান্ত-সংলগ্ন এলাকার বাসিন্দা। বিজিবি সদস্যরা পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। পরে রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পুশইনে বিএসএফকে সহযোগিতার অভিযোগে চারজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে এবং পুলিশ আরও তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান।

অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবি ও পুলিশ মিলে সাতজনকে আটক করেছে। সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :