রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৪৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৬:৩৬:০০ অপরাহ্ন
রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় এই নির্দেশ দেন তিনি। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা মহানগরের দুই প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যানজট রোধে কী করণীয়, বৈঠকে সেটি নিয়ে আলোচনা হয়েছে। মহাখালীতে রাস্তার ওপরে যেন বাস না থাকে, সেজন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে পূর্বাচলে বাস ডিপো হবে। এজন্য সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা টার্মিনাল দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। হকার উচ্ছেদ নয়, আবার বিশৃঙ্খলার মধ্যেও ছেড়ে দেয়া নয়- এমনভাবে কীভাবে দ্রুত হকার ব্যবস্থাপনা করা যায় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ব্রিফিংকালে অন্যদের মধ্যে যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। হকারদের বিকল্প কর্মসংস্থান এবং ফুটপাত জনসাধারণের চলার উপযোগী করা নিয়েও কথা হয়েছে। বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পে অনেক বিনিয়োগ হয়ে গেছে, ১২ বছর অনেক ভোগান্তি হয়েছে। এখন পরিত্যক্ত ঘোষণা করলে বাজে উদাহরণ হবে। এ প্রকল্পকে কীভাবে ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, জনগণ যেন সর্বোচ্চ সুবিধা পায়, সে বিষয়গুলো নিয়ে তিনজন বিশেষজ্ঞের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আগামী ৭ দিনের মধ্যে বিকল্প উপস্থাপন করা হবে।

এছাড়াও ঢাকা শহরে টার্মিনাল কেন্দ্রিক যানজট নিরসন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। যাত্রী নেয়ার সময় টার্মিনালে আসবে। সায়দাবাদ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প জায়গা দেখা হয়েছে। এছাড়া স্থায়ী জায়গা নিয়েও কাজ চলবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :