বেনজীরকে ফেরাতে নথিপত্র গোছাচ্ছে দুদক

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৩:১৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৩:১৯:১০ অপরাহ্ন
দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

দুদকের উপপরিচালক জানান, দুবাইতে গ্রেফতার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে।
 
এদিকে, আইনজীবীরা বলছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে।
 
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাহসিব হোসেন বলেন, দুবাইতে মুখ্য হয়ে দাঁড়ায় যে, নথিগুলো ঠিক আছে কিনা। যে অভিযোগের কথা বলা হচ্ছে, নথিতে সেটার প্রতিফলন আসে কিনা, সেটা বড় একটা বিষয় থাকে। দুবাই কিন্তু সময় বেধে দেয় যে এত দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। 
 
একইসঙ্গে দুবাইতে জব্দ করা সম্পদ দেশে ফিরিয়ে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের।
 
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১২৬ নম্বর রোডে একটি ভবনের দুটি ফ্লোরে চারটি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রোক করে আসবাবপত্রসহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক।
 
প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া ২ লাখ ৩০ হাজার টাকা ধরা হলেও এখনও তা ভাড়া দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন। একইভাবে বেনজীরের নারায়ণগঞ্জের ডুপ্লেক্স ভবনটি থেকেও কোনো আয়ের ব্যবস্থা করা যায়নি। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে।
 
দুদকের তথ্যমতে, ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৪টি মামলাসহ পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিং মিলিয়ে বেনজীরের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার সম্পদও ক্রোক করেছে সংস্থাটি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :