নাঈমকে পুলিশের মারধরের ঘটনায় ক্রিকেটারদের নিন্দার ঝড়

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০২:১৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০২:১৪:৩১ অপরাহ্ন
নাঈম হাসানের মারধরের শিকার হওয়ায় ঘটনায় ক্রিকেটারদের পক্ষ থেকে নিন্দার ঝড় উঠেছে। শুক্রবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার সময় জাতীয় দলের এই ক্রিকেটারকে ডিবি পরিচয়ে কয়েকজন মারধর এবং থানায় নিয়ে হেনস্তা করেন।

হেনস্তা হওয়ার সময় নাঈম জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে ফোন করেছিলেন। তামিম আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন, নাঈমের সঙ্গে হওয়া ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তামিম লেখেন, ‘রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’

নাঈমের পাশে আছেন জানিয়ে মুশফিকুর রহিম রেখেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।’

লিটন লিখেছেন, ‘নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তাকে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে দেখে সত্যিই হৃদয় ভেঙে যায়। একজন সহকর্মী ও সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।’

এছাড়াও মুমিনুল হক, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় এরইমধ্যে এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এবং কনস্টেবল রাসেল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :