​মাকে হত্যার পর ভাতিজাকে পুলিশ ডাকতে বললেন মেয়ে

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৩:২৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৩:২৮:৫৫ অপরাহ্ন
মানিকগঞ্জের হরিরামপুরে বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রোকেয়া বেগমকে (৬০) আটক করেছে।

নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে (ভাতিজা) রাসেলকে ডেকে জানান যে, তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের নাতি রাসেল জানান, তার ফুপু তার দাদিকে কুপিয়ে হত্যা করে তাদের ডাকাডাকি করে জানান, তার দাদিকে সে মেরেছে এবং তাকে পুলিশ ডাকতে বলে।

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :