ইসলামী ব্যাংকের সামনে নারী গ্রাহকদের অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:৩২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:৩৫:১৬ অপরাহ্ন
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এতে অংশ নিয়েছেন নারীরাও।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে টানা আট দিন মানববন্ধন কর্মসূচি পালন করলেও নবম দিনে এসে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নারী গ্রাহক অংশ নেন। আগের দিনগুলোর আন্দোলনে মূলত পুরুষ গ্রাহকদের উপস্থিতি দেখা গেলেও এবার নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, আর্থিক অনিয়ম ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিজেদের সঞ্চিত অর্থের নিরাপত্তার স্বার্থেই তারা খুরশীদ আলমের অপসারণ দাবি করছেন।

 তাদের দাবি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন একজনকে নিয়োগ দিতে হবে, যিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য। একইসঙ্গে তারা ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালেরও দাবি জানান।

বিক্ষোভকারীরা এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিচার এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও তোলেন।

জানা গেছে, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময়ও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এর ধারাবাহিকতায় সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছে সচেতন গ্রাহক ফোরাম।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :