নিউইয়র্ক পুলিশে তিন বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:১০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:১০:২৫ অপরাহ্ন
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিন বাংলাদেশি-আমেরিকান পুলিশ সদস্য পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

গত ২৮ মে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তার হাতে পদোন্নতির সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ।

পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তারা হলেন— পুলিশ কর্মকর্তা তান্নি চন্দা, যিনি সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন; পুলিশ কর্মকর্তা সাফায়েত জামিল এবং পুলিশ কর্মকর্তা আশফাকুর রহমান, যারা ডিটেকটিভ পদে পদোন্নতি লাভ করেছেন।

এই অর্জনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

সংগঠনের সভাপতি ক্যাপ্টেন একেএম আলম, সহ-সভাপতি সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, “এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।”

বাপার গণমাধ্যম সমন্বয়কারী সার্জেন্ট জসিম মিয়া বলেন, “কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি এসেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ ও পেশাদার পুলিশ বাহিনী নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি-আমেরিকান সদস্য কর্মরত রয়েছেন। তাদের অনেকেই নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও সেবার স্বীকৃতি অর্জন করে চলেছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :