জনমনে আতঙ্ক বিরাজ করছে

মাটির নিচে অস্বাভাবিক তাপ অনুভূত!

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪৮:৪৬ অপরাহ্ন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি গরম হয়ে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটির নিচে অস্বাভাবিক তাপ অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্দিষ্ট স্থানে মাটি অস্বাভাবিকভাবে গরম রয়েছে বলে প্রথম নজরে আসে। পরে বিষয়টি যাচাই করতে সেখানে গর্ত খনন করা হলে মাটির নিচ থেকেও তাপ বের হতে দেখা যায়। খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে তারা গরম মাটির অংশে পানি ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এবিএম আবুল বাশার জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা মাটির একটি নির্দিষ্ট অংশে অস্বাভাবিক তাপ অনুভব করেছি। প্রাথমিকভাবে সেখানে পানি দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করা হচ্ছে। 

তিনি আরও জানান, তবে কী কারণে মাটি গরম হচ্ছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত কারণ নির্ণয় করা হবে।

স্থানীয়দের ধারণা, ভূগর্ভস্থ গ্যাস নির্গমন, কোনো রাসায়নিক বিক্রিয়া কিংবা অন্য কোনো প্রাকৃতিক কারণে এ ধরনের তাপ সৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সংস্থা এ বিষয়ে নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তাপের উৎস শনাক্ত ও সম্ভাব্য ঝুঁকি নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :