​গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০১:৩৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০১:৩৯:০৩ অপরাহ্ন
রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ বিস্ফোরণে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার (০৬) ভোররাতে ও সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানে একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধরা হন আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আঁখি (৩০)। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তাদের বিষয়ে জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ, হাসনাহেনা শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

আলী হোসেন-হাসনাহেনার অপর সন্তান রাতুল হাসান তুষার জানান, চিকিৎসক জানিয়েছেন তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক।  

এদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।  

এ ঘটনার বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দিয়েছি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :