​বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ তালহা জুবায়ের

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৪:১৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৪:১৪:২৬ অপরাহ্ন
বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর দায়িত্ব চালিয়ে যেতে চান না বলে কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো—টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তাঁর দায়িত্বে থাকার কথা রয়েছে। মূলত টেইটের স্থলাভিষিক্ত কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এই পদ সামলাবেন তিনি।

জানা গেছে, টেইট ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী এবং সে লক্ষ্যে একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সাবেক এই অস্ট্রেলিয়ান গতিতারকা ইতিমধ্যে নিজের অবস্থান বোর্ডকে জানিয়ে দিয়েছেন; পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশের দায়িত্ব আর চালিয়ে যেতে চান না বলে শোনা যাচ্ছে। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন টেইট।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দল দুটি; বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :