ইসলামী ব্যাংকের এমডি

'এক ঘণ্টা কলম বিরতি পালনের কোনো নির্দেশনা নেই'

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:২৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৪২:২০ অপরাহ্ন
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সচেতন গ্রাহক ফোরাম এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানিয়েছে। ওই আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের কিছু কর্মকর্তা কলম বিরতি পালন করছেন বলে জানা গেছে। তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন জানিয়েছেন, এ বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, বুধবার (৩ জুন) সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টা কলম বিরতি পালনের আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংকের কিছু শাখার কর্মকর্তা কলম বিরতি পালন করছেন বলে জানা যায়। তবে এ বিষয়ে সরাসরি কেউ গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি। এদিকে কিছু শাখায় গ্রাহক সেবা ব্যাহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আলতাফ হোসাইন আরও বলেন, ‘গ্রাহক সেবা না দিলে আমাদের পক্ষে তা দেওয়া সম্ভব না। আমাদের অফিসাররা সেবা দিতে প্রস্তুত। এখন কোন শাখায় কী হচ্ছে, সেটা এখানে বসে জানা সম্ভব নয়।’

আন্দোলনকে কেন্দ্র করে যদি গ্রাহকরা একসঙ্গে অর্থ তুলে নেন, তাহলে ব্যাংকের পরিস্থিতি কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি ব্যাংক থেকে যদি গ্রাহক একদিনে সব টাকা তুলে নেন, তাহলে ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। এটা কখনোই হয় না। আন্দোলনসহ নানা কারণে টাকা তোলার চাপ আছে, তবে তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি হলেও এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। হলে সেটা সবাই জানতে পারতেন।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :