​চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহ, সতর্ক করল এনবিআর

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৩:৩৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৪:১৫:১১ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।

দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রতারক চক্র সক্রিয় জানিয়ে ঈদের পর অফিস খোলার প্রথম দিন সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক করেছে এনবিআর।

প্রতারক চক্রের খোঁজ পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার কার্যালয় অথবা এনবিআরের জনসংযোগ বিভাগে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারকচক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে 'অভিনব কৌশলে প্রতারণা বাণিজ্য করার অপচেষ্টা করছে' মর্মে এনবিআর অবহিত হয়েছে।

"যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে মর্মে মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করা এ চক্রের মূল উদ্দেশ্য।"

এনবিআর বলছে, "যেসকল প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারো কারো অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারেন, কিন্তু যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ এরা হাতিয়ে নেবে।"

'জনসচেতনার উদ্দেশ্যে' বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাতীয় রাজস্ব বোর্ড এই মর্মে সকলকে আশ্বস্ত করছে যে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় 'সম্পূর্ণ স্বচ্ছতা' ও 'জবাবদিহিতা' নিশ্চিতপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটি কর্তৃক যোগ্য প্রার্থীগণ নির্বাচিত হবেন।"

আয়কর বিভাগে ‘চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্রের’ তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা, টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭, ইমেইলঃ pro@nbr.gov.bd জানাতে অনুরোধ করা হয়েছে।

এনবিআরের আয়কর অনুবিভাগের বিভিন্ন পদের বিপরীতে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এরকম প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।"

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :