​আজ শয়তানকে 'পাথর' নিক্ষেপ করবেন হাজিরা

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:৫০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০২:০১:৩৫ অপরাহ্ন
তপ্ত মরুর বুকে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে—“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”। সাদা ইহরামে মোড়া মানুষের ঢল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিনার পথে। কারও হাতে ছোট ছোট পাথর, কারও ঠোঁটে দোয়া, কারও চোখে অশ্রু। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা—শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হাজি।

সোমবার (২৫ মে) শুরু হয় এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হন ১৬ লাখেরও বেশি হাজি। সূর্যাস্তের পর তারা মুজদালিফায় অবস্থান করেন এবং সেখান থেকেই সংগ্রহ করেন পাথর।

আজ বুধবার (২৭ মে), ১০ জিলহজ। ফজরের নামাজ আদায়ের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা হন। সেখানে পৌঁছে জামারাত আল-আকাবায় বড় শয়তানকে লক্ষ্য করে প্রথম দফায় পাথর নিক্ষেপ করেন তারা।

এরপর ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত টানা তিন দিন হাজিরা জামারাতের তিনটি স্তম্ভ—আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করবেন। এ সময় আগে থেকেই সংগ্রহ করে রাখা ছোট ছোট পাথর ব্যবহার করছেন তারা।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা বিরাজ করলেও, তার প্রভাব পড়েনি হজযাত্রায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি এবার হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়েছেন।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ।

এদিকে চলতি হজ মৌসুমে পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরমে হাজিদের সুস্থ রাখতে সৌদি কর্তৃপক্ষ বেশি বেশি পানি পান, ছাতা ব্যবহার এবং রোদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :